আজ থেকে খুব বদলে যাব এই আমি!
আজ থেকে খুব তোমার হব এই আমি!
শুকবো না আর কোন কিছু
তোমার চুলের গন্ধ ছাড়া
হব না আর অন্য কিছু
তোমার প্রেমে অন্ধ ছাড়া।
পড়ব না আর কোন কিছু
তোমার চোখের ভাষা ছাড়া
চলব না পথ দূর অজানায়
তোমায় পাবার আশা ছাড়া।
তোমার বলা কথা ছাড়া
অন্য কিছু শুনব না
তোমায় ছাড়া নতুন কোন
স্বপ্ন-জাল বুনব না।
তোমার ঠোঁটে ঠোঁট ছোঁয়াবো
অন্য কোথাও ভুলেও না
তোমার ঠোঁটেই তৃষ্ণা মিটুক
ফাগুন-নদী-ফুলেও না।
তোমার মুখের হাসি ছাড়া
অন্য ছবি আঁকব না
তোমার বুকে ছাড়া আমি
কোথাও মাথা রাখব না।
তোমার রূপেই দগ্ধ হব
শান্ত আমি রব না
তোমার রূপেই মুগ্ধ হব
ক্ষান্ত আমি হব না।
আজ থেকে খুব বদলে যাব এই আমি!
আজ থেকে খুব তোমার হব এই আমি!
Posted by: |